
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে বোমা সন্দেহে পাউডার দুধের দুটি টিনের কৌটা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচ থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার মৃত আবু তাহের সিকদারের একটি পরিত্যক্ত বাড়িতে পাউডার দুধের দুটি টিনের কৌটা দেখতে পান স্থানীয় লোকজন। কৌটার মুখ খোলার পর ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্থানীয় হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌটা দুটি উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে সুজনের ভাড়া বাসার সন্ধান পান তদন্তকারী কর্মকর্তা। ওই বাসা থেকে গত সোমবার বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার তাঁর ভাড়া বাসার পেছনে মাটির নিচে লুকানো অবস্থায় পাউডার দুধের কৌটা দুটি পাওয়া যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, কৌটা দুটি বিদেশি পাউডার দুধের। প্রতিটি কৌটার ধারণক্ষমতা আনুমানিক ৩ থেকে ৪ কেজি। প্রাথমিকভাবে কৌটা দুটির ভেতরে কসটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আদালতকে জানিয়ে আগামীকাল আবেদন করা হবে। আদালতের আদেশ পেলে বোমা নিষ্ক্রিয়করণ দলকে অবহিত করা হবে।
তিনি আরও বলেন, পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply