
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, সমবায় মেলা ও আলোচনা সভায় অংশগ্রহণ করে তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী সদস্যসহ শতাধিক সমবায়ী। জাতীয় সমবায় দিবস-২০২৬ এ আবারও জাতীয় পুরস্কার পেল অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী সদস্য ও সমিতির শতাধিক সদস্য এতে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ও জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে সমবায় মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলায় অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের স্টলসহ মোট ১১টি স্টলে সমবায়ীদের বিভিন্ন কার্যক্রম ও উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, অগ্রণী সেচ প্রকল্পের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ জাব্বার হোসেন, সম্মানিত সদস্য মোঃ ওমর ফারুক, মোঃ তাজেমুল হক, মোঃ রুবেল আলীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা। স্বাগত বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে আর্থসামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে। আলোচনা সভায় অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন কার্যক্রম, সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের নানা দিক তুলে ধরে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় খাতের গুরুত্ব অপরিসীম। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নয়ন সম্ভব। সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। স্থানীয় সম্পদ ও জনশক্তিকে কাজে লাগিয়ে সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে সমিতির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমবায়ের মূল চেতনা ধারণ করে সবাইকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
© All rights reserved © 2026
Leave a Reply