
মোঃ আসিফুজ্জামান আসিফ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের শিল্পাঞ্চল। বুধবার সকালে হেমায়েতপুর ও উলাইল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশ, শ্রমিক, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।
বুধবার সকাল থেকেই সাভারের হেমায়েতপুর ও উলাইল শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে পুলিশ সদস্য, পোশাকশ্রমিক, সাংবাদিক ও সাধারণ পথচারী রয়েছেন।
এর আগের দিন মঙ্গলবার বিকেলেও একই দাবিতে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলেও বুধবার সকালে নতুন করে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধের ঘটনায় সাভারের শিল্পাঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিজিবি মোতায়েনের মধ্য দিয়ে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply