
জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ মোঃ শাহবুল আলমকে আহ্বায়ক এবং কায়েকোবাদকে সদস্য সচিব করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ জেলা কমান্ড কাউন্সিলের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলামের অনুমতিক্রমে জেলা কমান্ড কাউন্সিল নবগঠিত কমিটির অনুমোদন দেয়।
অনুমোদনপত্রে নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে ত্রিশাল উপজেলার সব ইউনিয়নে সংগঠনের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কার্যক্রমে জেলা ও বিভাগীয় কমিটির সঙ্গে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুসরণ করতে বলা হয়েছে।
অনুমোদনপত্র অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস। পাশাপাশি অনুমোদনপত্র জারির ১৫ দিনের মধ্যে পরিচিতি সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কমিটি বাতিল বলে গণ্য হবে বলে অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি, পরিবর্তন বা বাতিল করার ক্ষমতাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করতে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
© All rights reserved © 2026
Leave a Reply