
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পপতি মো. জহিরুল ইসলাম মবিন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
পরিবারের ঘনিষ্ঠজনদের তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জহিরুল ইসলাম মবিন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার (৫ অক্টোবর) অথবা মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হতে পারেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে হামলা, মামলা, কারাবরণ ও আত্মগোপনের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জহিরুল ইসলাম মবিন। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন।
দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মাধ্যমে জহিরুল ইসলাম মবিন সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। পরবর্তী সময়ে তিনি হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা হয়েছে এবং রাজনৈতিক কারণে হয়রানির শিকার হয়েছেন বলে তিনি দাবি করে আসছেন।
জহিরুল ইসলাম মবিনের ঘনিষ্ঠজনেরা জানান, ২০০৮ সালের রাজনৈতিক সহিংসতার সময় এবং পরবর্তী সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন পরিস্থিতিতে তাঁকে আত্মগোপনে থাকতে হয়েছে।
অসুস্থতার বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কারাবন্দি অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন জহিরুল ইসলাম মবিন। পরবর্তী সময়ে চিকিৎসাজনিত জটিলতায় তাঁর দুটি কিডনি ক্ষতিগ্রস্ত হয় বলে পরিবারের দাবি। ২০২২ সালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়। এরপরও তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
জহিরুল ইসলাম মবিনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন—এমন প্রত্যাশা তাঁদের।
© All rights reserved © 2023
Leave a Reply