
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপি থেকে একটি টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায়, সীমান্ত পিলার ১৮৫/১২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়। এ সময় স্থানীয় সেতরুল হাজীর পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার ও জব্দ করা হয়। বিজিবি জানায়, আটককৃত ভারতীয় যানবাহনের যন্ত্রাংশগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযান স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে বলে জানা গেছে।
© All rights reserved © 2023
Leave a Reply