
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব ইন্দ্রকুল ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসায় মাত্র ৫ জন শিক্ষার্থীর জন্য ১৭ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত থাকার তথ্য নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে সরেজমিনে মাদ্রাসাটি পরিদর্শন করে দেখা যায়, প্রতিষ্ঠানে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৫ জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে একজন করে এবং চতুর্থ শ্রেণিতে দুজন শিক্ষার্থী রয়েছে। পঞ্চম শ্রেণির ওপরে কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি।
মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে ১৩ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী কর্মরত আছেন। তবে পরিদর্শনের সময় শিক্ষক-কর্মচারী মিলিয়ে উপস্থিত ছিলেন মাত্র সাতজন। একই কক্ষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে পাঠদান করতে দেখা যায়। এছাড়া কয়েকজন শিক্ষককে অবসর সময় কাটাতে দেখা গেছে। শিক্ষার্থীদের উপস্থিতি সংক্রান্ত কোনো হাজিরা খাতাও তাৎক্ষণিকভাবে প্রদর্শন করা হয়নি।
প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক জানান, শিক্ষার্থী সংকটের কারণে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তাদের ভাষ্য, অন্য একটি এমপিওবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মাদ্রাসার মাধ্যমে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশাপাশি পার্শ্ববর্তী একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মানীর ভিত্তিতে শিক্ষক পাঠানো হয় এবং সেখানকার কিছু শিক্ষার্থীও এ মাদ্রাসার অধীনে পরীক্ষায় অংশ নেয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
© All rights reserved © 2023
Leave a Reply