
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (১৭ জুন) রাত ১০টা ৫ মিনিটের দিকে সদর মডেল থানার বারোঘরিয়া ইউনিয়নের বারোঘরিয়া বাজার সংলগ্ন দৃষ্টিনন্দন মাঠের দক্ষিণ পাশে একটি বটগাছের সামনে ফাঁকা স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকার মৃত কাউসার আলীর ছেলে মো. এস. এম. মহিউদ্দিন (৩৪) এবং সদর উপজেলার হাট রামচন্দ্রপুর পুরানটোলা এলাকার মো. একরামুল হকের ছেলে মো. এনায়েতুল্লাহ ওরফে সিজার (৩৫)। অভিযানকালে তাদের হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।
© All rights reserved © 2023
Leave a Reply