
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১৮ জুন ) ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৫৩৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো হাম রোগী ভর্তি নেই। শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সংখ্যা শূন্য। তবে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বর্তমানে ৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, জেলায় এখন পর্যন্ত ২০৮ জন সন্দেহজনক রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের শরীরে হাম রোগের উপস্থিতি নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, চলতি বছরে জেলায় সন্দেহজনক ভাবে হামে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা ও অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের আহ্বান জানিয়েছেন। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি এবং রোগী শনাক্তকরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply