
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলায় বাড়ির একটি কাঁঠালকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে আলম মিয়া ও পুত্রবধূর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
বুধবার (১৭ জুন) রাতে সদর উপজেলার চৌধুরীহাটি এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী সাহেদা বেগম বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাকের সঙ্গে তার ছেলে আলম মিয়া ও পুত্রবধূর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে আব্দুর রাজ্জাককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী সাহেদা বেগম অভিযোগ করে বলেন, “গাছ থেকে কাঁঠাল পাড়ার পর কয়েকটি কাঁঠাল ছেলেকে দেওয়া হয়েছিল। পরে বাকি দুটি কাঁঠালও দাবি করলে আমরা দিতে রাজি হইনি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার স্বামীকে মারধর করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
স্থানীয় বাসিন্দা আরিফুর ইসলাম বলেন, পরিবারটিতে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে মাঝে-মধ্যে বিরোধ ছিল। তবে একটি কাঁঠালকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনার সৃষ্টি হবে, তা কেউ ভাবতে পারেননি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
© All rights reserved © 2023
Leave a Reply