
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে গত ১৪ জুন থেকে চলমান তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাতের দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জেলার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে নেসকো ও পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বাধ্য হয়ে লোডশেডিং কার্যক্রম পরিচালনা করছে।
বুধবার (১৭ জুন) দুপুর ১২টায় নেসকো আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ৩১ দশমিক ৪০ মেগাওয়াট। তবে সরবরাহ পাওয়া গেছে মাত্র ১৬ দশমিক ৬৯ মেগাওয়াট। এতে প্রায় ১৪ দশমিক ৬১ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। একই ধরনের সংকট জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও বিরাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় রাজশাহী, নওগাঁসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও লোডশেডিং চলছে। এদিকে জেলার বিদ্যুৎ সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, “হঠাৎ করে বেশ কয়েকটি পাওয়ার প্ল্যান্ট কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও জানিয়েছেন, চলমান সংকট সাময়িক এবং অতি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশাবাদী।
চাঁপাইনবাবগঞ্জবাসী দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং স্বাভাবিক সরবরাহ পুনরুদ্ধারের প্রত্যাশা করছেন।
© All rights reserved © 2023
Leave a Reply