
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১০টায় শিবগঞ্জ মহিলা কলেজের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারীরা একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অসহায় কিশোরী নয়নীর ওপর সংঘটিত ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। তারা নয়নী হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সভা শেষে আন্দোলনকারীরা বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
© All rights reserved © 2023
Leave a Reply