
আবিদুর রহমান বাবুল (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক ব্যক্তি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টা থেকে বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চন্দনাইশের জামিজুরী এলাকার মো. ফারুক। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মোবাইল কোর্ট মামলায় ৫০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
দ্বিতীয়জন মো. আব্দুর রহিম (২০)। তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দোহাজারী তদন্ত কেন্দ্রের সাধারণ ডায়েরিভুক্ত মামলা রয়েছে।
অপরজন সামশুল আলম। তিনি চন্দনাইশ থানার ২০০৪ সালের একটি মামলায় দণ্ডবিধির ৩২৪ ধারায় জিআর সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।
© All rights reserved © 2026
Leave a Reply