
বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী ২টি জীবিত তক্ষক উদ্ধার করা হয়েছে। এ সময় তক্ষক পাচারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত তক্ষক বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোররাত আনুমানিক ৩টা ৫ মিনিটে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম উত্তর বনবিভাগের ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি এবং করেরহাট রেঞ্জের সহযোগী স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেন-এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানটি পরিচালিত হয় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় ২ নম্বর ওয়ার্ডের এস আলম বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২টি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. মামুন হোসেন প্রকাশ ইমন (৩৭) এবং ঞোলাপ্রু মারমা (২৭)। তারা উভয়েই খাগড়াছড়ি জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া তক্ষকের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ জানায়, তক্ষক একটি সংরক্ষিত ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এসব প্রাণী শিকার, সংগ্রহ, ক্রয়-বিক্রয় কিংবা পাচার সম্পূর্ণ নিষিদ্ধ। সাম্প্রতিক সময়ে তক্ষক পাচার চক্র সক্রিয় হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগ যৌথভাবে নজরদারি জোরদার করেছে।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনসহ প্রযোজ্য ধারায় মামলা দায়ের করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী পাচার ও পরিবেশবিরোধী অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply