
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৩ সদস্য নিয়ে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি পুনঃগঠন করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও সদস্য-সচিব হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মানবাধিকার বিষয়ক ফোকাল ডেস্ক কর্মকর্তা। সভায় জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং মানবাধিকার লঙ্ঘনের সম্ভাব্য কারণ ও প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সেবাগ্রহীতাদের অধিকার নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় করণীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। মানবাধিকার সুরক্ষা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মানবাধিকার রক্ষা একটি সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার বলেন, মানবাধিকার লঙ্ঘনের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জনগণের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেবাপ্রাপ্তি সহজ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সভায় অংশগ্রহণকারীরা মানবাধিকার সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানবাধিকার সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে জেলার মানবাধিকার পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply