
মোঃ জহির খান, বিশেষ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘবদ্ধ ডাকাত দলের কবল থেকে মালামালবোঝাই একটি ট্রাক উদ্ধার করেছে ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন রাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে নাসির এন্টারপ্রাইজ ট্রান্সপোর্টের একটি ট্রাক বিপুল পরিমাণ মুদি পণ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটিতে দারুচিনি, এলাচ, হলুদ ও সুপারিসহ বিভিন্ন মূল্যবান পণ্য ছিল।
২১ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার এলাকা অতিক্রম করার সময় একটি খালি পিকআপে থাকা ১০ থেকে ১১ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে। কয়েক দফা চাপ প্রয়োগের পর ট্রাকটি রাস্তার পাশে থামাতে বাধ্য করা হয়। এরপর ৫ থেকে ৬ জন সশস্ত্র ডাকাত ট্রাকে উঠে চালক মো. শাহাদাত আলী (৪৫) ও হেলপার মো. ইদ্রিস আলীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।
ডাকাতরা তাদের হাত ও চোখ বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্রের বাট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে এবং একপর্যায়ে চট্টগ্রামমুখী পথে যাত্রা শুরু করে। এ সময় চালক ও হেলপারকে ট্রাকের ভেতরেই জিম্মি করে রাখা হয়।
পরবর্তীতে চৌদ্দগ্রাম উপজেলার লাডুমিয়ার রাস্তার মাথা এলাকায় পৌঁছে ডাকাতরা দুইজনকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় রাস্তার পাশের ঝোপে ফেলে রেখে পালিয়ে যায়।
এদিকে একই প্রতিষ্ঠানের আরেকটি ট্রাকের চালক লিটন রাহা বিষয়টি সন্দেহজনক মনে করে ট্রাক মালিককে অবহিত করেন এবং ছিনতাইকৃত ট্রাকটির পিছু নেন। পরে ট্রাক মালিক মো. নাসির জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার দেবীপুর এলাকার একটি চশমা ফ্যাক্টরির সামনে থেকে ট্রাকটি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহায়তায় জীবন (৩১) নামে এক সদস্যকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীনগর এলাকায় বলে জানা গেছে।
অভিযানকালে ট্রাক থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি ধারালো দেশীয় চাকু উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় আটক করার সময় সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বর্তমানে উদ্ধারকৃত ট্রাক, মালামাল, ভুক্তভোগী চালক-হেলপার এবং আটককৃত আসামি মহিপাল হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© All rights reserved © 2023
Leave a Reply