
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে আসন্ন আশুরা এবং ২৩ জুনের রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সম্প্রতি পরিচালিত এক বিশেষ অভিযানের তথ্যও তুলে ধরা হয়। এ সময় পুলিশ জানায়, যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সজল ওরফে অটো সজলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর শামীবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও তিন সহযোগীকে আটক করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র, ৭৭ রাউন্ড গুলি এবং কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।
© All rights reserved © 2023
Leave a Reply