
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা আগের তুলনায় কমেছে। সোমবার (১৫ জুন) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে, জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট ৯ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ জুন ২০২৬ ইং তারিখ পর্যন্ত জেলায় সর্বমোট ১ হাজার ৫২৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, নতুন করে কোনো রোগী ভর্তি হননি। এদিন ৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। কোনো রোগীকে রেফার করা হয়নি।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো হাম রোগী ভর্তি নেই। স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ২০৮টি নমুনার মধ্যে ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এদিকে চলতি বছরে জেলায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যুর তথ্য স্বাস্থ্য বিভাগের নথিতে রয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। নাগরিকদের শিশুদের নির্ধারিত টিকা গ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply