
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম সবুজ।
গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. সেলিম সবুজ পেয়েছেন ২৬৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. মোকছেদুর রহমান পেয়েছেন ২১৫ ভোট। ফলে ৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন সেলিম সবুজ।
এর আগে সকাল ৯টা থেকে জেলা শহরের চেম্বার ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। তীব্র গরম উপেক্ষা করে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৫৭৬ জন ভোটারের অংশগ্রহণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
চেম্বার নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে ২টি সহ-সভাপতি এবং ১৫টি পরিচালক পদে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে শুধুমাত্র সভাপতি পদেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ের প্রতিক্রিয়ায় সেলিম সবুজ বলেন, জেলার ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে যে আস্থা ও দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। খুব দ্রুত ব্যবসায়ীদের সঙ্গে বসে তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে আমি সর্বদা কাজ করে যাবো। তিনি বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় সচল করার লক্ষ্যে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply