
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগকে উৎসাহিত করতে Startup, Science Project and Innovation Idea Showcasing Program-2026 অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন ২০২৬) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের মুক্ত মঞ্চে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন এবং হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুবিনা আনিস। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের স্টার্টআপ ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করেন। বিজয়ীরা জেলায় অর্জন করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবেন। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। প্রদর্শিত প্রকল্পগুলোতে প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উদ্যোগ, সমস্যা সমাধানমূলক উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে এসব উদ্ভাবনী উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply