
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে রিইউনিয়ন ক্লাবের দিনব্যাপী ক্রিকেটারদের মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) হোসেনপুর স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
২০১৭ সালে প্রতিষ্ঠিত রিইউনিয়ন ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতি পবিত্র ঈদুল আজহার পর ক্রিকেটারদের নিয়ে পুনর্মিলনীর আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয় দিনব্যাপী এ মিলনমেলার, যেখানে হোসেনপুরের প্রায় ৮০ জনেরও বেশি ক্রিকেটার ও সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদ আরফিন। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ক্রিকেট টুর্নামেন্ট, সৌহার্দ্য বিনিময়, আড্ডা এবং কাচ্চি ভোজন।
অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা বেশি হওয়ায় এবারের টুর্নামেন্টে চারটি দলে বিভক্ত করা হয়। দলগুলো হলো— Reunion A, Reunion B, Reunion C এবং Reunion D।
চার দলের অংশগ্রহণে দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে Reunion A এবং Reunion C জয়লাভ করে।
আয়োজকরা জানান, “রিইউনিয়ন” শব্দের অর্থই হলো পুনর্মিলন বা একত্রিত হওয়া। ক্লাবটির মূল লক্ষ্য হলো সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং এমন একটি বন্ধুত্বপূর্ণ কমিউনিটি গড়ে তোলা, যেখানে সবাই সবার শারীরিক, মানসিক ও আর্থিক সংকটে পাশে দাঁড়াবে।
অনুষ্ঠানে রিইউনিয়ন ক্লাবের সম্মানিত অতিথি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন সাফায়াতুল হাসান সম্রাট, শরিফ আহমেদ, টুটুল মৃধা, সৌকত হোসাইন, আল আমিন অপু, মো: বদরুল আলম কিরণ, বিপুল আলম চৌধুরী, আনোয়ারুল হক সোহাগ অন্যান্যরা।
অংশগ্রহণকারীরা বলেন, এই আয়োজন শুধু ক্রিকেট খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পুরোনো বন্ধু, সতীর্থ ও সহযোদ্ধাদের একত্রিত হওয়ার একটি অনন্য প্ল্যাটফর্ম। এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
ক্রিকেটপ্রেমীদের মতে, রিইউনিয়ন ক্লাবের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ হোসেনপুরের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
© All rights reserved © 2023
Leave a Reply