
আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষীপুর)
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নে জনসাধারণের চলাচলের অন্যতম প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেরোয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব কেরোয়া পোস্ট অফিস সংলগ্ন প্রায় ৩০০ মিটার দীর্ঘ রাস্তার মধ্যে ২৭০ মিটার পাকা করা হলেও বাকি ৩০ মিটার জায়গা দখল করে দোকান নির্মাণ করা হয়েছে। ফলে ওই অংশ দিয়ে সাধারণ জনগণের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার একাধিকবার দোকান অপসারণের নির্দেশ দিলেও দোকানদার কর্তৃপক্ষ তা মানেনি। জনস্বার্থ উপেক্ষা করে বছরের পর বছর ধরে দোকানটি রাস্তার উপরই রয়ে গেছে।
এ বিষয়ে স্থানীয় যুবক তাহসিন আশিক বলেন, “আমরা বারবার অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।”
এলাকাবাসী জানান, “এই রাস্তাটি প্রতিদিন শত শত মানুষের যাতায়াতের পথ। বাকি ৩০ মিটার রাস্তার ওপর দোকান থাকায় হাঁটাও সম্ভব না। বর্ষায় কাদা পানিতে ভরে যায়, শুকনো মৌসুমে ধুলাবালির যন্ত্রণায় অতিষ্ঠ সবাই।”
© All rights reserved © 2026
Leave a Reply