
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
উদ্ধারকৃত শ্রীলঙ্কান নাগরিকরা হলেন—মালাভি পাথিরানা, পাথিরানা থুপ্পি এবং মুদিইয়ানসেল্যাগ নীল। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।
আটককৃতরা হলেন—দক্ষিণ আমবাড়ি এলাকার সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮) এবং চরকুড়িয়া এলাকার এস.এম. শাহাবুদ্দিনের ছেলে শামসুল আলম।
পুলিশ জানায়, উদ্ধারের আগে শ্রীলঙ্কার ওই নাগরিকরা শহিদুল শেখ নামের এক ব্যক্তির আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। গত ২২ এপ্রিল তারা ঢাকায় পৌঁছান। পরে অপহরণকারীরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে একটি মোবাইল নম্বর থেকে মুক্তিপণ দাবি করে।
বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়েছে। অপহরণে জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply