
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতাল মোড়স্থ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ঘিরে নতুন করে আলোচনা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রতিষ্ঠানের অংশীদারত্ব, শেয়ার হস্তান্তর এবং পরিচালনা পর্ষদের নিয়মনীতি অনুসরণ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। এরই মধ্যে হাসপাতালের অংশীদার ডা. মো. ইসমাইল হোসেনের চেম্বার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠি অনুযায়ী, ১২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ম্যাক্স হসপিটালে ডা. মো. ইসমাইল হোসেনের চেম্বার কার্যক্রম বন্ধ থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানের প্রচলিত নিয়মাবলি ও অংশীদারি ব্যবসার গঠনতন্ত্র উপেক্ষা করে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই ডা. মো. ইসমাইল হোসেন তাঁর মালিকানাধীন শেয়ারের একটি অংশ অন্যদের কাছে বিক্রয় বা হস্তান্তর করেছেন।বিষয়টিকে অংশীদারি ব্যবসার গঠনতন্ত্রের শর্তাবলির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে চিঠিতে গঠনতন্ত্রের ৩ ও ৭ নম্বর ধারার কথা তুলে ধরা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, শেয়ার ও মালিকানা সংক্রান্ত বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর চেম্বার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে হাসপাতালটির অংশীদারত্ব হস্তান্তরের প্রক্রিয়া, গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারাগুলোর প্রয়োগ এবং নতুন অংশীদার যুক্ত করার ক্ষেত্রে কী ধরনের নিয়ম অনুসরণ করা হয়েছে—এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠেছে। একটি হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও নির্ধারিত গঠনতন্ত্র অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধ তৈরি হলে তার প্রভাব যেন কোনোভাবেই সাধারণ রোগী ও চিকিৎসাসেবার ওপর না পড়ে, সেটিও গুরুত্বপূর্ণ।
© All rights reserved © 2026
Leave a Reply