
শেখ সাদী সুমন জেলা প্রতি নিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় হারানো একটি মোবাইল ফোনের সূত্র ধরে সংঘবদ্ধ চোরাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে চোরাই পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত আলেয়া বেগম (৪০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে ২৪টি মোবাইল ফোন, ট্যাব, ঘড়িসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ এই ঝটিকা অভিযান পরিচালনা করে। গ্রেফতার আলেয়া বেগম ওই এলাকার চিহ্নিত চোরাই কারবারি খায়েশ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদিন আগে এক ব্যক্তি তার মোবাইল ফোন হারানোর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান ট্র্যাক করে পুলিশ। অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার উলচাপাড়া গ্রামের খায়েশ মিয়ার বাড়িতে চোরাই মোবাইলসহ বিভিন্ন ডিভাইস বেচাকেনার একটি সংঘবদ্ধ কারবার চলছে।
প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশ ওই বাড়িতে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা খায়েশ মিয়া পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী ও অপরাধের সহযোগী আলেয়া বেগমকে হাতেনাতে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে ১৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১০টি বাটন মোবাইল ফোন, একটি ট্যাব, ১৩টি টর্চলাইট, পাঁচটি ঘড়ি ও চারটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খায়েশ মিয়া দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ও বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কেনাবেচার অবৈধ কারবার চালিয়ে আসছে। এই অপরাধমূলক কার্যক্রমে তার স্ত্রী আলেয়া বেগমও সরাসরি জড়িত ছিলেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি খায়েশ মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আলেয়া বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply