
চট্টগ্রাম প্রতিনিধি
পুলিশ পরিচয়ে চট্টগ্রাম নগরের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার ভুক্তভোগী এক নারী হালিশহর থানায় মামলা করেন।
মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাখাওয়াত হোসেন ও মো. মাইনউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই নারী তার দুই পুত্রবধূকে নিয়ে বাসায় ছিলেন। পাঁচ ব্যক্তি বাসায় ঢুকে প্রথমে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন কক্ষে তল্লাশি শুরু করেন।
পরিচয়পত্র দেখতে চাইলে তারা পরে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন এবং বাসায় ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে বলে অভিযোগ তোলেন। একপর্যায়ে তারা ওই নারী ও তার দুই পুত্রবধূর ভিডিও ধারণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে পরিবারের সদস্যদের ক্ষতি ও বিভিন্নভাবে হয়রানি করার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও মুঠোফোন জব্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, অভিযুক্তরা প্রথমে পুলিশ এবং পরে সাংবাদিক পরিচয় দিয়েছিলেন। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply