
নিজস্ব প্রতিবেদক, নান্দাইল, ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩ নম্বর নান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রত্যাশী মো. শাহজাহান (মানিক)। তিনি বর্তমানে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি।
শাহজাহান মানিক জানান, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল নান্দাইল পৌর শাখার সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি হামলা ও মামলার শিকার হয়েছেন। ২০১৩ সালে নান্দাইল বাজারে একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে হামলায় তিনি আহত হন বলে দাবি করেন। এ ছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর তাঁর মাছের খামার ও পেঁপে গাছের ক্ষতি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
২০২৩ সালে বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তিনি ১৬ দিন কারাভোগ করেছেন বলে তাঁর জীবনবৃত্তান্তে উল্লেখ করা হয়েছে।
শাহজাহান মানিক বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সুষম উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন, সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানে উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
শাহজাহান মানিক বলেন, “জনগণের সেবা, এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
© All rights reserved © 2023
Leave a Reply