
মোঃ সবুজ সরদার লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে শাশুড়ি ও মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭ টার সময় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল। এ সময় সীমা বেগম (৩৮) ও তার মেয়ের স্বামী (জামাই) মো. রাসেল শেখকে (২১) গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচুড়িয়া গ্রামের মো. ইউসুফ শেখের বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সেখান থেকে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার দুজনকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
© All rights reserved © 2026
Leave a Reply