
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
হোটেল ও রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন, দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়ন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক শ্রমিক নেতৃবৃন্দের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।
স্মারকলিপিতে ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ দেলুয়ার হোসেন (সবুজ) উল্লেখ করেন, হোটেল ও রেস্তোরাঁ খাতের শ্রমিকরা বর্তমানে চরম দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেক শ্রমিককে প্রয়োজনীয় পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বই না দিয়েই দৈনিক ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাদের দাবি, এ ধরনের কর্মঘণ্টা প্রচলিত শ্রম আইনের পরিপন্থী।
তারা আরও জানান, হোটেল ও রেস্তোরাঁ খাতের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরির গেজেট প্রকাশের ১৮ মাস পেরিয়ে গেলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। ফলে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
স্মারকলিপিতে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত থাকার কারণে অনেক নির্দোষ শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। এসব মামলা প্রত্যাহারের পাশাপাশি শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন, দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের আইন উপদেষ্টা ইসমাঈল হোসেন সিরাজী, সহ-সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন সাগর, কার্যনির্বাহী সদস্য রাজা বাবু ও খোরশেদ আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া আলাউদ্দিন, ঘোষ নবাব ও তামান্না হোটেলসহ চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর শ্রমিকরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply