
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শেখ সাদী সুমন।
গ্রাহক হয়রানি, ফাইল আটকে রেখে ভোগান্তি ও নানা অনিয়মের অভিযোগের মুখে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) মোঃ শাহজাহান কবিরকে বদলি করা হয়েছে। তবে কেবল এই রদবদলেই সন্তুষ্ট নন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল; তাঁদের স্পষ্ট দাবি—ডিডি শাহজাহান কবিরের মেয়াদে ঘটে যাওয়া যাবতীয় অনিয়মের সুষ্ঠু তদন্ত করে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
আজ ৩০ আগস্ট (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এই রদবদল নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে যশোরে অবস্থিত ‘ডিজাস্টার রিকভারি সেন্টার (ডিআরসি)’-এর উপ-পরিচালক হালিমা খাতুনকে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন উপ-পরিচালক হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ঐ দিন অপরাহ্নে তাঁরা ‘তাৎক্ষণিক অবমুক্ত’ (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের পদে পদে চরম ভোগান্তি, কর্মকর্তা-কর্মচারীদের অসদাচরণ ও প্রশাসনিক অব্যবস্থাপনার অগণিত অভিযোগ উঠছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া পদক্ষেপে জেলা জুড়ে সাময়িক স্বস্তি ফিরলেও স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন—গ্রাহক ভোগান্তির শেষ কোথায়? শুধু এক দপ্তর থেকে অন্য দপ্তরে বদলিই কি অনিয়মের সমাধান?
স্থানীয়দের জোর দাবি, বিতর্কিত কর্মকর্তা শাহজাহান কবিরের মেয়াদে পাসপোর্ট প্রত্যাশীদের যে হয়রানি করা হয়েছে, তার সঠিক বিভাগীয় ও আইনি তদন্ত প্রয়োজন। একই সাথে নতুন উপ-পরিচালকের যোগদানের মাধ্যমে অফিসে দালালচক্রের দৌরাত্ম্য নির্মূল এবং দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের আশা প্রকাশ করছেন তাঁরা।
© All rights reserved © 2026
Leave a Reply