
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে ‘মরা নদী’তে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে জুমার নামাজের ঠিক আগমুহূর্তে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুরা চর চাকলা এলাকার ‘মরা নদী’র পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। একই ঘটনায় পাঁচ শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এক শোকবার্তায় বলেন, পাঁচ শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে দান করেন। তিনি নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
অন্যদিকে, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, জুমার পবিত্র সময়েই পুরো গ্রামে নেমে এসেছে এক নীরব হাহাকার। নদীর পানিতে গোসল করতে নেমে পাঁচটি তাজা প্রাণ ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক। তিনি পরম করুণাময়ের কাছে নিহত শিশুদের জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত স্বজনদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক প্রার্থনা করেন। একসঙ্গে পাঁচ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে চর চাকলা গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।
© All rights reserved © 2023
Leave a Reply