
বিজয় চৌধুরী, ঢাকা
ক্যারিয়ার গঠন, পেশাগত নেটওয়ার্কিং ও ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের গুরুত্ব তুলে ধরে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ অনুষ্ঠিত হয়েছে ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। নিটার বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাবের (এনবিআইসি) আয়োজনে অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় LinkedIn Community Bangladesh (LCB)-এর ক্যারিয়ার ও নেটওয়ার্কিংভিত্তিক সেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন LinkedIn Community Bangladesh-এর প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু এবং সংগঠনটির উপব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জারিফ আহমেদ প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে আসফাক অর্ণব ও ইমতিয়াজ উদ্দিন খান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল LCB-এর প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজুর ‘LinkedIn Networking’ বিষয়ক বিশেষ সেশন। শিক্ষার্থীদের সামনে তিনি লিংকডইনের মাধ্যমে পেশাগত পরিচিতি তৈরি, কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা এবং ক্যারিয়ারের সুযোগ কাজে লাগানোর বিভিন্ন কৌশল তুলে ধরেন।
নিজের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে আলতাফ হোসেন রাজু জানান, নিটারে অনুষ্ঠিত এ সেশনটি তাঁর ২৩৩তম সেশন। একই সঙ্গে তিনি জানান, বর্তমানে LinkedIn Community Bangladesh-এর কমিউনিটিতে প্রায় ৫২ হাজার অনুসারী যুক্ত রয়েছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে বিভিন্ন ধরনের সুযোগ আসে, সেগুলোকে কাজে লাগানোর মানসিকতা থাকতে হবে। তাঁর মতে, শিক্ষাজীবনের সময় ও সুযোগ পরবর্তী সময়ে একইভাবে ফিরে আসে না।
LCB-এর উপব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ তাঁর সেশনে ব্যক্তিগত পরিচিতি ও পেশাগত নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রথম বর্ষ থেকেই কীভাবে একজন শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করতে পারেন, সে বিষয়ে তিনি বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন।
এ ছাড়া অনুষ্ঠানে এনবিআইসির কো-মডারেটর রেজাউল ইসলাম লিংকডইন ব্যবহারের মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
আলোচনা পর্ব শেষে অতিথিদের সম্মাননা প্রদান, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। পরে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকদের মতে, নবীন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার সচেতনতা, পেশাগত নেটওয়ার্কিং এবং ডিজিটাল প্রফেশনাল পরিচিতি গড়ে তুলতে LCB-এর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© All rights reserved © 2023
Leave a Reply