
মোঃআব্বাস উদ্দিন:প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
পবিত্র ১২ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মীর কামরুজ্জামান কবির, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর সভাপতি এনাম খানসহ ইসলামিক ফাউন্ডেশন সরাইলের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, মানবতা, সৌহার্দ্য, সহমর্মিতা, ক্ষমা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। তাঁর সুন্নত ও জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শ শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ করার বিষয় নয়; বরং তাঁর শিক্ষা ও সুন্নতকে নিজেদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন হওয়া উচিত। সত্যবাদিতা, আমানতদারি, প্রতিবেশীর অধিকার রক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা—এসব মহানবী (সা.)-এর জীবনাদর্শের গুরুত্বপূর্ণ শিক্ষা।
তাঁরা বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর করতে মহানবী (সা.)-এর শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার শিক্ষা অনুসরণের বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তাঁর আদর্শ বাস্তব জীবনে অনুসরণ করতে হবে। আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থান: উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
© All rights reserved © 2023
Leave a Reply