1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
- Stbanglatv.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

 

গাইবান্ধা প্রতিনিধি:

২৯ গাইবান্ধা-১ ( সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর আব্দুল আজিজের ইন্তেকালের ছয় বছর পূর্তিতে তাঁর ছেলে রাফে নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। বাবার কবরের ছবি প্রকাশ করে তিনি তাঁর স্মৃতি, জীবনের শেষ সময়ের কষ্ট এবং সংগঠনের পক্ষ থেকে বাবাকে যথাযথভাবে স্মরণ না করার অভিযোগ তুলে ধরেছেন।

রাফে নোমান তাঁর পোস্টে লেখেন, বাবার কবরের পাশে কোনো নামফলক নেই। পাশের ভেঙে যাওয়া লাল ইটের দেয়ালের পাশে বাবার ‘চিরস্থায়ী আবাস’—এমন আবেগঘন বর্ণনায় তিনি বাবাকে স্মরণ করেন।

পোস্টে তিনি জানান, কুড়িগ্রামের রৌমারীতে অবস্থানকালে তাঁর বাবা অবসর সময়ে একটি বই লিখেছিলেন। বইটির খসড়া টাইপ করে দেওয়ার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল। সে সময় তিনি বুয়েটের হলে থাকায় বাবার হাতে লেখা খাতাগুলো সঙ্গে করে নিয়ে যেতে পারেননি। পরে খাতাগুলো বাবার কাছেই রেখে যান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাঁর বাবাকে বিভিন্ন সময় বাসা পরিবর্তন করতে হওয়ায় পরবর্তীতে খাতাগুলো আর খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।

রাফে নোমান আরও লেখেন, বাবার জীবনের শেষ সময়ের শারীরিক কষ্টের কথা মনে পড়লে অনেকের প্রতি তাঁর রাগ, ক্ষোভ ও অভিমান তৈরি হয়, এমনকি নিজের প্রতিও। বাবার ওপর ‘জুলুম’, তাঁর বিরুদ্ধে করা মামলা ও মামলায় সাক্ষ্য দেওয়ার বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসব বিষয়ে কোনো জবাবদিহি না হওয়ার অভিযোগও তোলেন রাফে নোমান।

সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন

পোস্টের একটি অংশে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাফে নোমান। তিনি উল্লেখ করেন, তাঁর বাবা গাইবান্ধা জেলা আমীর এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার মৃত্যুর দিন নিরাপত্তাজনিত কারণে বিষয়টি প্রকাশ্যে না জানানোর জন্য সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল বলে দাবি করেন তিনি।

রাফে নোমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সংগঠনের পক্ষ থেকে তাঁর বাবার ইন্তেকালের বিষয়টি প্রকাশ্যে জানানো হবে—এমনটাই তিনি আশা করেছিলেন। কিন্তু তাঁর দাবি, আব্দুল আজিজের মৃত্যুর ছয় বছর পেরিয়ে গেলেও জামায়াতের কেন্দ্রীয়ভাবে তাঁকে নিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এমনকি গত ছয় বছরে থানা বা জেলা পর্যায়েও সংগঠনের উদ্যোগে তাঁর বাবাকে স্মরণ করে কোনো দোয়া মাহফিল বা কর্মসূচি আয়োজন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

রাফে নোমান তাঁর পোস্টে লিখেছেন, ‘কাউকে কষ্ট দেওয়ার জন্য এই লেখা না। মনের মধ্যে অনেক প্রশ্ন আসে।’

শেষে বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, আল্লাহ যেন তাঁর বাবার সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।

উল্লেখ্য, আব্দুল আজিজ গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তেকালের ছয় বছর পূর্তিতে ছেলে রাফে নোমানের এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি