
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের কয়েক দিনের মধ্যে নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়িতে কর্মরত সব সদস্যকে বদলি করা হয়েছে। ফাঁড়ির ইনচার্জসহ মোট ২৭ কর্মকর্তা ও সদস্যকে জেলার বিভিন্ন থানায় পদায়ন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ থেকে ২৪ আগস্টের মধ্যে ফাঁড়ির ইনচার্জ, চারজন এসআই, পাঁচজন এএসআই এবং ১৭ জন কনস্টেবলকে বদলি করা হয়।
তবে ময়মনসিংহের পুলিশ সুপার মো. কামরুল হাসান জানিয়েছেন, কোনো নির্দিষ্ট মিছিলের ঘটনার কারণে এই বদলি হয়নি। এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। চার দিনে ফাঁড়িতে কর্মরত ২৭ জনকেই বিভিন্ন কর্মস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে ২১ আগস্ট সকালে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশও হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা সরে যান।
ফাঁড়ির সব সদস্যকে একযোগে বদলির ঘটনায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এটিকে নিয়মিত বদলি হিসেবেই উল্লেখ করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply