
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. হাসিব (১৩)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার (১৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফিল্ডেরহাট এলাকার আনন্দময় পাঠশালার ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. হাসিব মহানন্দা নদীর আকন্দ বাড়িয়া ঘাটে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা তীরে উঠতে পারলেও হাসিব নদীর স্রোতে নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে ব্যাপক তল্লাশি চালালেও শুক্রবার তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শনিবার (১৮ জুলাই) বিকেল আনুমানিক ২টা ৪৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার কালিনগর এলাকার পিরানটুলির ঘাটে মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে হাসিবের পরিবারের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে সদর উপজেলার ফিল্ডপাড়া গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। হাসিবের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved © 2023
Leave a Reply