
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে মন্ত্রিসভায় আরও কয়েকজন সদস্য যুক্ত হতে পারেন।
সম্ভাব্য নতুন সদস্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম রয়েছে। তাদের মধ্যে কেউ মন্ত্রী এবং কেউ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সম্ভাব্য নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। তাদের বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আন্দালিব রহমান পার্থের মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ। তিনি জানান, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য দলের চেয়ারম্যান পার্থকে ফোন করা হয়েছে। পার্থ নিজেই তাকে বিষয়টি জানিয়েছেন।
তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শপথ অনুষ্ঠানের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
© All rights reserved © 2023
Leave a Reply