
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হামলায় জড়িতদের সামাজিক বা রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করা উচিত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার থানার চন্দনপুরা–বাকলিয়া সড়কে অবস্থিত একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুর্বৃত্তরা চাঁদা দাবি করে তা না পেয়ে কার্যালয়ে ভাঙচুর চালায় এবং নগদ অর্থ লুট করে। পাশাপাশি প্রতিষ্ঠানের মালিককেও হুমকি দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় বিদেশে অবস্থানরত এক পলাতক সন্ত্রাসীর অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply