
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
“ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট” এবং “তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের সুস্থ ও সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ২:৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ে কনফারেন্স রুমে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়,
চাঁপাইনবাবগঞ্জে যৌথ আয়োজনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকুলাল বৈদ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডাঃ এ. কে. এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তত্বাবধায়ক ডা. হাসিবুস সাত্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ডা. ময়েজ উদ্দিন সহ সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি সুস্থ ও সুন্দর আগামী গঠনে পরিবার পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, জনসংখ্যা একটি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তবে এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হলে পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। বিশেষ করে মাতৃস্বাস্থ্য, শিশুর পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং নারীর ক্ষমতায়ন একটি সমৃদ্ধ সমাজ গঠনে অপরিহার্য। আজকের বিশ্বে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, নগরায়ণ এবং কর্মসংস্থানের মতো নানা চ্যালেঞ্জের সঙ্গে জনসংখ্যার বিষয়টি নিবিড়ভাবে জড়িত। তাই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে প্রতিটি মানুষ সুস্বাস্থ্য, শিক্ষা, সমান সুযোগ ও মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে। পরিকল্পিত পরিবার, সচেতন নাগরিক এবং দক্ষ মানবসম্পদই পারে একটি সমৃদ্ধ, উন্নত ও টেকসই বাংলাদেশ গড়তে।
© All rights reserved © 2023
Leave a Reply