
মো. শাহীন আলম গাইবান্ধা প্রতিনিধি:
সৌহার্দ্য, সম্প্রীতি, পেশাদারিত্ব এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীমের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি মো. সামিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মুহা. একরামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, সদস্য সচিব মো. মিজানুর রহমান লিপু, বিশিষ্ট শিল্পপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মালেক এবং প্রেসক্লাবের সিনিয়র সভাপতি এম এ মাসুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। স্বাধীন, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, সাংবাদিকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো নির্ভয়ে জনসম্মুখে উঠে আসে এবং সেগুলোর সমাধানের পথ তৈরি হয়।
তিনি আরও বলেন, সুন্দরগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। গুজব ও অপসাংবাদিকতা পরিহার করে তথ্যভিত্তিক, দায়িত্বশীল সংবাদ পরিবেশনই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, সহযোগিতা ও পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় করতে হবে। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং বিভিন্ন অনিয়ম নির্ভীকভাবে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা আশা প্রকাশ করেন, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের পাশাপাশি উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।
আলোচনা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে প্রেসক্লাবের লোগোসংবলিত মগ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানের সমাপনীতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে একটি আধুনিক, গতিশীল ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved © 2023
Leave a Reply