
জামালপুর প্রতিনিধি
মৃত্যুর পর নিজ দলের কোনো নেতা যেন তাঁর জানাজায় অংশ না নেন—এমন অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন জামালপুরের বকশীগঞ্জের বিএনপির এক নেতা। তাঁর দেওয়া পোস্ট ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
পোস্টদাতা আব্দুল্লাহ আল সাফি ওরফে লিপন বকশীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে ছাত্রদল, যুবদল, পৌর বিএনপি ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন বলে জানান তিনি।
শুক্রবার (১০ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘কিছু কথা’ শিরোনামে দেওয়া পোস্টে লিপন দাবি করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে বিভিন্ন সময় মামলা ও হয়রানির মুখে পড়তে হয়েছে। তবে দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকার যথাযথ মূল্যায়ন পাননি বলেও অভিযোগ করেন তিনি।
নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ওই পোস্টে তিনি লেখেন, তাঁর মৃত্যুর পর বিএনপির কোনো নেতা যেন জানাজায় অংশ না নেন। একই সঙ্গে সবার কাছে নিজের জন্য দোয়া কামনা করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিপন দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলীয় কোনো পদে না থাকায় এবং রাজনৈতিক মূল্যায়ন নিয়ে হতাশা থেকেই তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীদের অনেকে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, লিপন বর্তমানে দলের কোনো পদে আছেন কি না, তা নিশ্চিতভাবে জানা নেই। তাঁর অসুস্থতার বিষয়েও তিনি অবগত নন। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের বিষয়ে খোঁজ নেওয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply