
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টার কিছু পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ এলাকা এবং আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। ক্যাম্পাসে শিক্ষার্থী, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে ঢাকা মেডিকেলের দিকে গেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। পরে একটি মিছিল গাড়িবহরের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটক পর্যন্ত যায়।
সফর উপলক্ষে হাসপাতাল ও কলেজসংলগ্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়। ফুটপাত থেকে অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণের ফলে এলাকায় চলাচলও তুলনামূলকভাবে স্বাভাবিক ছিল।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
© All rights reserved © 2023
Leave a Reply