
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ-এর পরিচালক (অডিট ও আইন) ও যুগ্মসচিব রুবাইয়াৎ-ই-আশিক।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-২) আজিজ ফেরদৌস, মোটরযান পরিদর্শক রাসন চাকমা এবং মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাজেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মশালায় বক্তারা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালকদের গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন ও সড়ক সংকেত যথাযথভাবে অনুসরণ করা এবং পেশাগত দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দক্ষ ও সচেতন চালকই নিরাপদ সড়ক নিশ্চিত করার অন্যতম প্রধান শর্ত। রিফ্রেসার প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার মোট ৬১ জন পেশাজীবী গাড়িচালক অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, চালকদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
© All rights reserved © 2026
Leave a Reply