
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আবারও স্বল্পমূল্যের চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে মেসার্স মাসকুরা ট্রেডার্স। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা, স্বত্বাধিকারী ও ম্যানেজারের কারাবরণ এবং পরবর্তীতে জামিনে মুক্তির পর গত রবিবার থেকে পুনরায় চাল বিতরণ কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রায় ১৭ হাজার সুবিধাভোগী পরিবার। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবড়ী গ্রামে দিনব্যাপী ১ হাজার ৫৫০টি পরিবারের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। মেসার্স মাসকুরা ট্রেডার্সের ম্যানেজার কামরুল হাসান মিদুল জানান, গত দুই মাস যেসব পরিবার চাল পাননি, পর্যায়ক্রমে তাদের সেই চালও বিতরণ করা হবে। তিনি বলেন, মামলা ও সংশ্লিষ্ট আইনি জটিলতার কারণে চাল বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। এখন থেকে নিয়মিত প্রতি মাসে নির্ধারিত পরিবারগুলোর মাঝে চাল বিতরণ করা হবে। এর আগে গত ২৩ জুন জামিনে কারামুক্ত হন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জেসমিন বেগম এবং ম্যানেজার কামরুল হাসান মিদুল। কারামুক্ত হয়ে এলাকায় ফিরলে স্থানীয় নারী-পুরুষ তাদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় তারা পুনরায় ১৭ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ অব্যাহত রাখার ঘোষণা দিলে সুবিধাভোগীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ জেসমিন বেগম ও তার সহযোগী কামরুল হাসান মিদুলকে গ্রেপ্তার করে। জানা যায়, ২০২২ সাল থেকে মেসার্স মাসকুরা ট্রেডার্স ৪ হাজার ও ৫ হাজার টাকার বিনিময়ে সদস্য কার্ড প্রদান করে সমাজের অসহায়, দরিদ্র, খেটে খাওয়া ও দিনমজুর পরিবারের কাছে স্বল্পমূল্যে চাল বিক্রির কার্যক্রম পরিচালনা করে আসছে। সাম্প্রতিক বিরতির পর পুনরায় এই কার্যক্রম শুরু হওয়ায় উপকৃত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
© All rights reserved © 2026
Leave a Reply