
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর জেলা পুলিশ। মাদকের ছোবল থেকে যুবসমাজ ও সাধারণ মানুষকে রক্ষা করতে জেলায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) সন্ধ্যা থেকে জেলা শহরের জোড় বাগানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় সরাসরি উপস্থিত থেকে বিশেষ অভিযানের নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার। মাদকের আস্তানা চিহ্নিত করা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই সমন্বিত উদ্যোগে জেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল হয়েছে। অভিযান চলাকালে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। চাঁপাইনবাবগঞ্জকে একটি মাদকমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এই অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান, গোয়েন্দা নজরদারি এবং আইনগত ব্যবস্থা আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে বলেও তিনি আশ্বাস দেন। পুলিশের এই বিশেষ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের উদ্যোগকে স্বাগত জানান।
© All rights reserved © 2023
Leave a Reply