
মোঃ জহির খান বিশেষ প্রতিনিধি:
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কলেজ ক্যাম্পাসে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়।
হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান, কক্ষ ও কেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা, বিভিন্ন দিকনির্দেশনা এবং জরুরি তথ্য সরবরাহ করা হয়। একই সঙ্গে প্রচণ্ড গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে পরীক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত সাধারণ মানুষ সাধুবাদ জানান।
বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম বাদশা বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মীরসরাইয়ের অভিভাবক নুরুল আমিন এমপি মহোদয় এবং বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব দিদারুল আলম মিয়াজীর নির্দেশনায় এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে আমরা এই হেল্প ডেস্ক পরিচালনা করেছি। পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেও ছাত্রদল সবসময় মানুষের পাশে থাকতে চায়। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
হেল্প ডেস্ক পরিচালনায় বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
স্থানীয়রা জানান, পরীক্ষার দিনে এমন সেবামূলক উদ্যোগ পরীক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে প্রচণ্ড গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছিল অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ
© All rights reserved © 2026
Leave a Reply