
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অতীতের ফ্যাসিবাদী শাসনের মতো বর্তমান রাষ্ট্র গণমাধ্যমকে কোনো ধরনের চাপ বা ভয়ভীতি প্রদর্শন করে না। বরং গণমাধ্যমের সমস্যা সমাধানে সরকার সহযোগিতামূলক ভূমিকা পালন করছে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত মর্যাদা, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। গণমাধ্যম খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, একটি কার্যকর গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করা গেলে তা দেশের অন্যতম শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনের ইতিহাস স্মরণ রাখা জরুরি। সেই অভিজ্ঞতা ভবিষ্যতে স্বৈরাচার প্রতিরোধে ‘অ্যান্টিভাইরাস’ হিসেবে কাজ করবে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতীতে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর দাবি জানান। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। তবে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের কর্মসংস্থানের নিরাপত্তা এবং পেশাগত উন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
© All rights reserved © 2023
Leave a Reply