1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে বেলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা - Stbanglatv.com
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সুন্দরগঞ্জে বেলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪ নং বেলকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

 

রোববার (৭ জুন) দুপুরে বেলকা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক উন্মুক্ত বাজেট সভায় আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

গণ উন্নয়ন কেন্দ্রের জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোছা. ডলি সুলতানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব খোকন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার (এমইএএল) মো. আকবর হোসেন এবং গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম।

 

সভায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু সাঈদ ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

উপস্থাপিত বাজেট অনুযায়ী, বেলকা ইউনিয়ন পরিষদের মোট বাজেট ধরা হয়েছে ৩ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৬১৮ টাকা। এর মধ্যে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৬১ হাজার ৬১৮ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ২ লাখ টাকা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, জনসেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, উন্মুক্ত বাজেটের মাধ্যমে জনগণ ইউনিয়ন পরিষদের আয়-ব্যয় ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সরাসরি অবগত হওয়ার সুযোগ পান। এতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা আরও শক্তিশালী হয়।

তারা আরও বলেন, শিশুর জন্মের পর শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং মৃত্যুর পরপরই মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এতে নাগরিক সেবা সহজতর হয় এবং রাষ্ট্রীয় তথ্যভাণ্ডার হালনাগাদ রাখতে সহায়তা করে।

এছাড়া বাল্যবিয়ে, মাদকাসক্তি ও নারী নির্যাতনের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরকারের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি