
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। এরই ধারাবাহিকতায় তিনি শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নামো নিমগাছি এলাকায় মহানন্দা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি নদীভাঙনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা বিভিন্ন স্থান সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি নদীতীর রক্ষা কার্যক্রম ও ভাঙন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলী কাওছার, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে ভাঙনের ঝুঁকি স্থায়ীভাবে মোকাবিলার লক্ষ্যে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি বাঁধ নির্মাণের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা এবং জানমালের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব জানান, মহানন্দা নদীর ভাঙন পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগের মাধ্যমে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকার মানুষ দীর্ঘদিনের উদ্বেগ থেকে মুক্তি পাবে এবং তাদের বসতভিটা ও সম্পদ সুরক্ষিত রাখা ।
© All rights reserved © 2023
Leave a Reply