
মোহাম্মদ আমিনুল ইসলাম,বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯নং (ক) শীলকূপ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত স্থানীয় জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে ক্ষুদ্র ও স্থানীয় বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তি করা সম্ভব হয়। ফলে সাধারণ মানুষ দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয় ছাড়াই ন্যায়বিচার লাভের সুযোগ পায়।
তিনি আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় বিরোধের শান্তিপূর্ণ সমাধান সহজ হবে এবং আদালতের ওপর চাপও কমবে। এ ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ে আইনি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব অরুণ জয় ধর, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, গ্রামপুলিশ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, গ্রাম আদালত বিষয়ক এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম স্থানীয় বিরোধ নিষ্পত্তি, আইনি সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সহায়ক হবে।
উল্লেখ্য, কর্মসূচিটি উপজেলা প্রশাসন, বাঁশখালীর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
© All rights reserved © 2023
Leave a Reply